| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১৪:৪৪:১৭:অপরাহ্ন  |  ৪৩৯ বার পঠিত
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবি সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিজিবির পক্ষ থেকে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে ১ নম্বর এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা (খালেক) বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।

এজাহারে অভিযোগ করা হয়, বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে বিজিবির সদস্যরা সাধারণ ও গুরুতর জখম হন। একই সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়।

থানায় হামলার ঘটনায় পৃথক মামলা

এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।

থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন

পুলিশের দায়ের করা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আট হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে বিজিবির দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে পৃথক দুই মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪ জন।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে অন্য একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪