| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমাণ, তদন্ত কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৭:৫৬:২২:অপরাহ্ন  |  ১৯০ বার পঠিত
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমাণ, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও রোগীদের অন্য হাসপাতালে রেফার্ড করা, এমআরআই ও সিটিস্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত ফির চেয়ে বহুগুণ বেশি টাকা আদায়ের প্রমাণ পেয়েছেন তিনি।

এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ব্যবস্থা নিতে হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন অতিরিক্ত মহাপরিচালক। একই সঙ্গে হাসপাতালে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালু রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে এসব অনিয়মের চিত্র উঠে আসে। এ সময় দুই ব্যক্তি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগসংবলিত দুটি লিখিত আবেদন জমা দেন।

অভিযোগে দেখা যায়, দুই রোগীর কাছ থেকে রক্ত পরীক্ষার জন্য যথাক্রমে ৯০০ ও ৩৫০ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২০ টাকা করে। সরকারি নির্ধারিত ফির সঙ্গে আদায় করা অর্থের বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, মেডিসিন ও বিভিন্ন সরঞ্জামের স্টোররুমসহ হাসপাতালের একাধিক বিভাগে বছরের পর বছর ধরে অনিয়ম ও দুর্নীতি চলে আসছে। প্রতিটি অনিয়মের বিষয় লিপিবদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, স্টোররুমে ডেন্টাল, প্যাথলজি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম পড়ে থাকলেও সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি অনেক পরীক্ষার যন্ত্রপাতির প্যাকেটও খোলা হয়নি। এ ছাড়া সরকারি নিয়ম না মেনে একটি ওয়েবসাইট তৈরি করার বিষয়টিও পরিদর্শনে উঠে এসেছে।

হাসপাতালের হিসাবরক্ষকের বিরুদ্ধেও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলার আসামি হওয়ার পর তিনি প্রায় ১০ মাস ছুটিতে ছিলেন। অভিযোগ রয়েছে, ছুটিতে থাকা অবস্থায়ও তিনি বিভিন্ন ডিএ-টিএ বিল উত্তোলন করেছেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালকের সহযোগিতা ছিল বলেও অভিযোগ করেন অতিরিক্ত মহাপরিচালক।

তিনি জানান, তদন্ত প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে। এর আগে তদন্তের ফলাফল সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে জনবল সংকটের কারণে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, জনবল সংকটসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪