চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় কনসার্ট শেষে ফেরার পথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত কনসার্ট থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী অভিযুক্তদের মধ্য থেকে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিচ্ছিলেন। তাদের মধ্যে নয়জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান শহীদ শাহজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচ শেষে মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছিল। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, রাত ১০টার দিকে কনসার্ট শেষ হওয়ার পর লোকজন বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দিতে শুরু করেন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান।
রিপোর্টার্স২৪/ঝুম