রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ার লক্ষ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার (৮ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।
প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে শুরু করেছিল টাইগাররা। সেদিন বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে মাত্র ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিং আর ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৬ রানের দারুণ জয় পায় সফরকারীরা।
ওয়ানডে ইতিহাস বলছে, প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে জয় বাংলাদেশের জন্য খুব বিরল ঘটনা। এখন পর্যন্ত কেবল একবার, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কীর্তি গড়েছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যানও আশানুরূপ নয়। ২০১৩ ও ২০১৭ সালে টাইগাররা দুইবার তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল, তবে উভয় সিরিজেই একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সবশেষ ২০১৯ সালের সফরে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
তবে এবার হোয়াইটওয়াশের ভয় নেই বরং সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসই হতে পারে পাল্লেকেলেতে জয়ের প্রেরণা।
পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৬টি, বাংলাদেশ ২টি এবং বাকি ২টি সিরিজ হয়েছে ড্র। আর দুই দলের মধ্যে মোট ৫৯টি ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র ১৩টি, হেরেছে ৪৪টিতে। দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
মঙ্গলবারের ম্যাচটি তাই শুধু একটি সিরিজ জয় নয়, বরং দীর্ঘদিনের ইতিহাস বদলের সুযোগ। টাইগাররা কি পারবে নতুন ইতিহাস গড়তে? অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
রিপোর্টার্স২৪/আরএইচ