রিপোর্টার্স২৪ ডেস্ক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রতি বছরই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়ছে। এই সাফল্য দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির পরিচায়ক হলেও উচ্চমাধ্যমিকে ভর্তির সময় এসে অনেক শিক্ষার্থীর সামনে তৈরি হচ্ছে এক চরম বাস্তবতা ভালো ফল করেও কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ মিলছে না।
গত এসএসসি পরীক্ষায় সারা দেশে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে দেশের ‘ভালো’ বা ‘মোটামুটি ভালো’ মানের কলেজের সংখ্যা ২৪০-২৫০টি, যেখানে সর্বমোট আসন সংখ্যা এক লাখের কিছু বেশি। অর্থাৎ প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির কলেজে ভর্তি হতে হচ্ছে, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে।
বিশেষ করে রাজধানী ঢাকার ৩০ থেকে ৩৫টি নামকরা কলেজে ভর্তি হতে চায় দেশের অধিকাংশ মেধাবী শিক্ষার্থী। কিন্তু এসব কলেজে আসন সংখ্যা মাত্র ৩০ হাজারের মতো। তদুপরি এসব প্রতিষ্ঠানে নিজস্ব বিদ্যালয় শাখা থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকায় বাইরের শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়ে।
ঢাকা বোর্ড থেকে এ বছর ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের প্রায় সবাই ঢাকার শীর্ষ কলেজগুলোতে ভর্তি হতে চাইলেও প্রতিযোগিতা এতটাই তীব্র যে অনেকেই সুযোগ পাচ্ছেন না। এ ছাড়া দেশের অন্যান্য জেলা ও বিভাগ থেকে শিক্ষার্থীরা ঢাকায় এসে নামীদামি কলেজে ভর্তির চেষ্টা করায় প্রতিযোগিতা আরও বেড়েছে।
এইচএসসি ২০২৪-এর ফলাফলের ভিত্তিতে ঢাকার শীর্ষ ১০ কলেজ: নটর ডেম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, হলি ক্রস কলেজ।