ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় বাড়ির পাশের বাগানে খেলতে গিয়ে অসতর্কতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে লাবিব মল্লিক নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) ভোরে কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে ঘটনাটি ঘটে। লাবিব কাউলিবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুর খবর রিপোর্টাস টুয়েন্টি ফোরকে নিশ্চিত করেন প্রধান শিক্ষক মেজবা উদদীন খান।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে প্রধান শিক্ষক জানান, শনিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে সাজ্জাদ মল্লিকের ছেলে লাবিব মল্লিক নিজ বাড়ির পাশে বাগানে খেলতে যায়। এ সময় সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় লাবিবের। বাগানে ছেলেকে পড়ে থাকতে দেখে তার মা লাবনী আক্তার উদ্ধার করতে গেলে তিনিও গুরুতর আহত হন। মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত ৮ জুলাই রাতে কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফান মুন্সী বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ