সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
এদিকে এই ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানা সংলগ্ন এলাকা দিয়ে স্ত্রীসহ যাচ্ছিলেন তিনি। এসময় ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা-পয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ছিনতাইয়ের ঘটনা জানান। ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান নিজের মোবাইল ফোন দেখিয়ে ভুক্তভোগীকে বলেন, ‘আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’ মোহাম্মদপুর থানার এএসআই আনারুল ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের দেখেও ধরেনি। পরে ওই সাংবাদিক এ ঘটনায় ফেসবুক একটি পোস্ট দিলে নড়েচড়ে বনে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার জানান, ছিনতাইয়ের ঘটনায় সন্দেহজনক তিনজনকেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন