সিনিয়র রিপোর্টার :
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও ২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৪ জন হাসপাতাল থেকে বাসায় ফিরল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার (২৭ জুলাই) হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। তারা হলেন- কাজী আমজাদ সাইফ (২০) ও সবুজা (৪০) । এখনও সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছে ৪ জন।
রোববার (২৭ জুলাই) বেলা ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, আমজাদ ঘটনাটিতে উদ্ধারকারী হিসেবে কাজ করছিলেন আর সবুজা (নারী) স্কুলটির কর্মচারী। এখন ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৮ জনই শিশু। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে চারজন রোগী। আর ভেন্টিলেশনে আছে দুজন। মেইল এইচডিইউতে আছে তিনজন, ফিমেইল এইচডিইউতে আছে ছয়জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে আটজন এবং কেবিনে আছে ১২ জন রোগী। তাদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আছে চারজন রোগী এবং সিবিআর কন্ডিশনে আছে ৯ জন রোগী। এর মধ্যে ইনহেল্যুশন ইনজুরি আছে ৭ জন, আর ৩০ শতাংশের ওপরে দগ্ধ রোগীর সংখ্যা ছয়জন। রোববার কোনো মৃত্যু নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ভর্তি রয়েছে তাদের সঙ্গে নিয়মিত ২ বেলা করে ইউনিট প্রধানরা কথা বলছেন এবং তাদের মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে ।
এছাড়া এরআগে, শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছিল শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসিকে (১২)।
রিপোর্টার্স২৪/এসএন