| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৪:১৮:২৪:অপরাহ্ন  |  ১৭০৫৮৮০ বার পঠিত
আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : বাংলাদেশের আসিয়ান সদস্যপদের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন পুনরায় চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করে।

বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া বাংলাদেশের আবেদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করবে এবং ধাপে ধাপে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রাপ্তির দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।

বৈঠকের শুরুতে নুরুল ইজ্জাহ সম্প্রতি ঢাকার মিলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেককে হারিয়েছি।

তিনি নুরুল ইজ্জাহকে তার নতুন রাজনৈতিক দায়িত্বে অভিনন্দন জানান এবং বলেন, “আপনার দলের সহ-সভাপতি হওয়ার জন্য অভিনন্দন।”


বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়েছে এবং ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাত করেছে। এটা ছিল এক যুব-নেতৃত্বাধীন আন্দোলন, যা পরে সব শ্রেণির মানুষের আন্দোলনে রূপ নেয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দেয়াল ও রাস্তা রাঙিয়ে তুলেছে জুলাই বিপ্লবের চেতনায়।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে বলেন, এশিয়ার জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী আছে। আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বয়স ২৭ বছরের নিচে। আপনি আপনার শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে তুলুন এবং এখান থেকে রপ্তানি করুন। এতে দুই দেশেরই লাভ হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪