রিপোর্টার্স২৪ ডেস্ক :
ভারতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনাও তো একজন বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ—তাকে পুশইন করছেন না কেন?”
সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, “ভারত থেকে হাজার হাজার বাঙালি মুসলমানকে শুধু ধর্ম ও ভাষার কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশইন করা হচ্ছে। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্নীতি করে ভারতে পালিয়েছে।তাদের পুশইন করা হচ্ছে না।”
তিনি আরও বলেন, ভারতে আশ্রয় নিয়েছে এমন অনেক লুটেরা, ব্যাংক ডাকাত ও গণহত্যাকারীরা রয়েছে—তাদের ফেরত আনা হচ্ছে না। সেখানে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত।তাকে তো কেউ পুশইন করছে না।
রিজভী অভিযোগ করেন, ভারতের উদ্দেশ্য হচ্ছে—বাংলাদেশে এমন সরকার রাখা, যেটি তাদের স্বার্থ রক্ষা করবে। জনগণ পছন্দ করুক বা না করুক, তাদের মনোনীত সরকারই থাকতে হবে। এটি সাম্রাজ্যবাদী মানসিকতা।
তিনি আরও বলেন, “এই কারণে আমাদের ট্রান্সপোর্ট বন্ধ, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়—যাতে জনগণের মতামত দমন করা যায়।”
রিপোর্টার্স২৪/ ঝুম