সিনিয়র রিপোর্টার :
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদ ও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চাদাঁবাজির বিষয়টি দুদকের এখতিয়ার নয়। তবে কেউ যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয়ে অনুসন্ধান করতে আমাদের কোনো বাধা নেই।
উল্লেখ্য গত ২৬ জুলাই রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত আহবায়ক মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল। এদের মধ্যে ৪ জনকে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন