সিনিয়র রিপোর্টার :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না । সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কাউকেই ছাড় দেওয়া হবে না।
কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।
জাহাঙ্গীর আলম বলেন, মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না। তাদের ধরার চেষ্টা চলছে। ‘মাদকটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেজন্য আমরা কক্সবাজারে একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিলাম। তাদের অর্জনটা কি সেটা দেখার জন্য। দেখা গেছে, ওখানে যাওয়ার পর কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদক জব্দের পরিমাণটা অনেক বেড়েছে।’
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এসপি-ওসিদের পরিবর্তন তো কন্টিনিউস হচ্ছে। এটা হতে থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন