| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হানডা, কর্মসংস্থান ২৫ হাজার লোকের

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১৫:৪২:২৭:অপরাহ্ন  |  ১৬৭১১১২ বার পঠিত
বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হানডা, কর্মসংস্থান ২৫ হাজার লোকের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশে হংকং ভিত্তিক টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি হানডা ইন্ডাস্ট্রিজ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

প্রাথমিকভাবে হানডা বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল এবং ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে একটি সমঝোতা স্মারক সই করে। কিন্তু পরে আরও সম্ভাবনা যাচাই করে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতা ও আশ্বাস পেয়ে প্রতিষ্ঠানটি তাদের মোট বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে।

হানডা বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে। দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট ও একটি নিটিং ও ডাইং ইউনিট, যা থেকে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

হান চুন বলেন, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), ভেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ)-এর সঙ্গে বৈঠকে আমরা আস্থা পেয়েছি, সে কারণেই আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।

বিডা, ভেজা ও বেপজা’র কর্মকর্তারা জানান, এটি বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা প্রতিষ্ঠানের অন্যতম বৃহৎ একক বিনিয়োগ।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস হানডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা যেন বাংলাদেশে চীনা বিনিয়োগের নেতৃত্ব দেন এবং অন্যান্য চীনা বিনিয়োগকারীদেরও এখানে আসতে উৎসাহিত করেন। হানডা যেন বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে তারা বৈশ্বিক ক্রেতাদের রুচি সম্পর্কে ধারণা নিতে পারে।

হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য তাদের কারখানার ডিজাইন উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এটা যেন একটা সুন্দর ছবি আমার কাছে শিল্পকর্মের মতো মনে হয়েছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি বুধবার সই হবে।

দ্বিতীয় ধাপের জন্য জমি বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধার কাজ চলমান রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নির্বাহী চেয়ারম্যান, বিডা,মো. সিরাজ উদ্দিন মিয়া, মুখ্য সচিব,লামিয়া মোর্শেদ, প্রধান সমন্বয়কারী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি),আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, নির্বাহী চেয়ারম্যান, বেপজা হেং জেলি, প্রেসিডেন্ট, হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪