রিপোর্টার্স২৪ ডেস্ক:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এ আদেশ দেন।
সেদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রিপোর্ট, রায় বা সিদ্ধান্ত প্রণয়ন করেছেন। এছাড়া আদালতের নথিপত্র ও সরকারি রেজিস্টার জালিয়াতির অভিযোগও রয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে এবং অবসর-পরবর্তী পদায়নের প্রত্যাশায় বিচারপতি খায়রুল হক ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত আদেশটি বদলে দিয়ে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর বেআইনিভাবে আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম