সিনিয়র রিপোর্টার :
সিনিয়র রিপোর্টার : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক ফারজানা ইয়াসমিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকা। তার শরীরে ৭ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় এখনো ৩২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, চিকিৎসাধীন ৩২ জনের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে। একজনকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে এইচডিইউতে ১২ জন ও কেবিনে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
পরিচালক বলেন, এখন পর্যন্ত ১৫৮টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়েছে ও ১৪ জন রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গত তিন দিন ধরে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, আজকের পর থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন