| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের কাছে হারলেন বাংলাদেশের মেয়েরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১২:১৫:১৯:অপরাহ্ন  |  ১৫০৮৩০৪ বার পঠিত
ভারতের কাছে হারলেন বাংলাদেশের মেয়েরা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভারতের সামনে দাঁড়াতে পারেনি লাল-সবুজের কিশোরীরা। অপরদিকে নেপালকে ৭-০ গোলে হারিয়ে শক্তি প্রদর্শন করা ভারতীয় দল শুক্রবার (২২ আগস্ট) জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ভারতের। লাল-সবুজরা যদিও ডিফেন্সে দৃঢ়তা দেখিয়েছে, তবুও ভারতীয় মেয়েদের থামানো সম্ভব হয়নি। ম্যাচের ১৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সে ঢুকে গোল করেন পার্ল ফার্নান্দেজ। এরপর একাধিকবার ভারতের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক ইয়ারজান বেগম ও ডিফেন্ডার আরিফা আক্তার। ৩৩তম মিনিটে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য সুযোগ এসেছিল সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক থেকে, তবে সেটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও ভারত একই ছন্দে খেলতে থাকে। যদিও অগোছালো ফিনিশিংয়ের কারণে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৭৬তম মিনিটে আলিশার ক্রস থেকে গোল করেন বনিফিলা শুলাই। বাংলাদেশের মেয়েরা কয়েকটি কর্নারের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সেই সুযোগ। শেষ পর্যন্ত ২-০ গোলেই জয় নিশ্চিত করে ভারত।

এই জয়ে চার দলের টুর্নামেন্টে এগিয়ে রইল ভারত। এর আগে নেপালকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। তবে অর্পিতাদের জন্য এখনও আশা শেষ হয়ে যায়নি। সামনে আরও চারটি ম্যাচ রয়েছে, যার মধ্যে ভারতের বিপক্ষেও আবার মাঠে নামবে তারা। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে ফাইনালে খেলার এবং শিরোপার লড়াইয়ে থাকার সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪