ভাঙ্গা প্রতিনিধি :
বাঙালি জাতির বিনোদন নৌকা বাইচ প্রতিযোগিতার ধারাবাহিকতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে সোমবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বিলের ধারের রেললাইনের নীচে গ্রামীণ মেলা ও নৌকা বাইচ দেখতে কয়েকটি গ্রামের লাখ মানুষের ঢল নেমেছিল। বিকেল ৩ টায় নৌকা বাইচে অংশ নেয় ১৫টি বাছাড়ি নৌকা।
নগরকান্দা উপজেলার আশফর্দী গ্রাম, আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম, পশ্চিম আলগী শুকনী গ্রাম, ছুলনা গ্রাম, নাওয়ারা গ্রাম, গুলপান্দী গ্রাম, সোনাখোলা গ্রাম, মাঝারদিয়া গ্রাম, অপরপটি গ্রামের পাশাপাশি গোপালগঞ্জ জেলার বৃহত্তম বাহাড়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের বাছাড়ি নৌকার মালিকেরা তাঁদের লোকজন নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
বিজয়ীদের মাঝে ৪টি ফ্রীজ, ১টি এলইডি টিভি ও নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।
পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি স্থপতি মুজাহিদ বেগ বলেন, ইতিহাস-ঐতিহ্য বহন করে নৌকা বাইচ। যুগযুগ ধরে গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে ও বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় এনৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দলমত নির্বিশেষে স্থানীয়রা, পুলিশ ও সেনাবাহিনী এ কাজে সহযোগিতা করেছেন। সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাইচ পরিচালনা কমিটিতে ছিলেন, আল-আমিন, তাইবুর রশিদ, আতিক মাতুব্বর, টুলু মাতুব্বর ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধি প্রমুখ।
উল্লেখ্য ভাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্র কুমার নদের দুইশত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় ২০০৫ সালে কথিত সিরিজ বোমা হামলার ঘটনায় নিরাপত্তার দোহাই দিয়ে ২১টি বছর ধরে ভাঙ্গার নৌকা বাইচ বন্ধ রাখা হয়েছে। সেই থেকে ইউনিয়ন এলাকায় প্রতিবছর খালে বিলে ও ঝিলেতে কখনও নৌকা কখনও আবার ডোঙা বা কলার ভেলা বাইচ করে গ্রামবাংলার জনপদের মানুষ তাদের বিনোদন সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখছেন বলে অভিমত সচেতন নাগরিক সমাজের।
এস