| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলবায়ু সম্মেলনকে জীবাশ্ম জ্বালানির শীর্ষ সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ২৩:৩৯:৩৭:অপরাহ্ন  |  ১০২৯ বার পঠিত
জলবায়ু সম্মেলনকে জীবাশ্ম জ্বালানির শীর্ষ সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে

আশিস গুপ্ত, আন্তালিয়া (তুরস্ক): আন্তালিয়ায় শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও উত্তেজনাপূর্ণ আলোচনা অব্যাহত থাকায় COP31 জলবায়ু সম্মেলন অচলাবস্থার মধ্যে শেষ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সম্মেলনের ভেতরের সূত্রগুলি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু দূত ওপকে হোয়েকস্ট্রা সাম্প্রতিকতম খসড়া মূল সিদ্ধান্তের (কভার ডিসিশন) প্রতি ইইউ-র বিরোধিতার কথা জোরালোভাবে জানিয়েছেন। বিতর্কিতভাবে ওই খসড়া থেকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সংক্রান্ত সমস্ত উল্লেখ বাদ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান খসড়া পাঠ্যটি "এই জলবায়ু কপ (COP)-কে একটি জীবাশ্ম জ্বালানির শীর্ষ সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে।" তিনি আরও বলেন, "আমরা সহজে হাল ছাড়ছি না। একই সঙ্গে, আমরা যদি নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারি, তবে মানদণ্ড পূরণ হবে না এবং কোনো চুক্তিও হবে না। আমরা এখন ঠিক এই বাস্তব পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছি।"

জীবাশ্ম জ্বালানি, ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমা অতিক্রম করা (ওভারশুট) এবং জলবায়ু অভিযোজন তহবিল-সহ অন্যান্য বিষয়ে প্রধান আলোচনাকারী গোষ্ঠীগুলির মধ্যে মতপার্থক্য দূর করে শনিবার সকালে একটি নতুন সমঝোতামূলক খসড়া পেশ করার লক্ষ্যে শুক্রবার সারারাত ধরে আলোচনা চলে।কিন্তু COP31 প্রেসিডেন্সির উদ্যোগে ঘণ্টার পর ঘণ্টা অত্যন্ত উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক চলার পরও শনিবার বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত কোনো হালনাগাদ খসড়া প্রকাশ করা হয়নি। সূত্রের ইঙ্গিত অনুযায়ী, অচলাবস্থা কাটাতে মন্ত্রী ও কূটনীতিকদের প্রচেষ্টায় এই আলোচনা রবিবার সকাল পর্যন্ত গড়াতে পারে।

জানা গিয়েছে, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলি জলবায়ু অভিযোজন তহবিল কীভাবে বাড়ানো হবে সে বিষয়ে আরও স্পষ্ট প্রতিশ্রুতির দাবি জানাচ্ছে, অন্যদিকে বেশ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ (পেট্রোস্টেট) জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো উল্লেখ অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করে চলেছে। তবে, ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতায়নের মাধ্যমে পূরণ করার একটি নতুন লক্ষ্যমাত্রা চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রাতারাতি জোরালো হয়েছে, কারণ চিন এই লক্ষ্যমাত্রার প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া চীন ও অস্ট্রেলিয়া সরকারের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে, যেখানে "স্বেচ্ছামূলক ভিত্তিতে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশীদারিত্ব ৩৫ শতাংশে উন্নীত করতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা, সহযোগিতা এবং বিদ্যুতায়নকে" স্বাগত জানানো হয়েছে।এই লক্ষ্যমাত্রাটি তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ প্রেসিডেন্সির অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল এবং গত রাত পর্যন্ত প্রায় ৯০টি দেশ এই লক্ষ্যমাত্রার সমর্থনে স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে।

এই পদক্ষেপের বিরোধিতা করেছে এমন কিছু সরকার যারা নতুন কোনো লক্ষ্যমাত্রা গ্রহণ করতে চায় না এবং যারা জোর দিয়ে বলেছে যে যেকোনো লক্ষ্যমাত্রার সঙ্গে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলিকে নতুন তহবিল প্রদানের প্রতিশ্রুতি থাকতে হবে। তবে এই লক্ষ্যমাত্রার সমর্থকদের যুক্তি, বর্তমান বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদন কাঠামো বজায় থাকলেও বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য বৈদ্যুতিক প্রযুক্তির প্রসার উল্লেখযোগ্যভাবে কার্বন নিঃসরণ কমাবে এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে সাহায্য করবে। আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে, '৩৫ x ৩৫' লক্ষ্যমাত্রা অর্জিত হলে ২০৩৫ সালের মধ্যে দৈনিক তেল আমদানি ১ কোটি ৫০ লক্ষ ব্যারেল কমতে পারে এবং বার্ষিক ১২ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি এড়ানো সম্ভব হবে।

গতকাল বক্তব্য রাখতে গিয়ে COP31-এর আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির উৎপাদন তিনগুণ করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির হার দ্বিগুণ করার পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে এই বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় নিঃসরণ হ্রাসের দুই-তৃতীয়াংশ পূরণ করা সম্ভব। তিনি বলেন, "বিদ্যুতায়নই হলো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পথ এবং কাজটি সম্পন্ন করতে আগামী কয়েক ঘণ্টা ধরে, যতক্ষণ সময় লাগুক না কেন, আমরা এখানে এটি নিয়ে কাজ চালিয়ে যাব।" চিন-অস্ট্রেলিয়ার যৌথ বিবৃতিতে "১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নাগালের মধ্যে রাখতে এবং তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ও স্থায়িত্ব কমাতে সম্মিলিত বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ জোরদার করার" প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি এতে ইইউ এবং যুক্তরাজ্যের 'কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম' (CBAM) নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিয়ে যুক্তি দেওয়া হয়েছে যে, "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলি যেন আন্তর্জাতিক বাণিজ্যে স্বেচ্ছাচারী বা অযৌক্তিক বৈষম্য কিংবা ছদ্মবেশী বিধিনিষেধের মাধ্যম না হয়ে দাঁড়ায়।"

উল্লেখযোগ্যভাবে, ওই বিবৃতিতে জলবায়ু অর্থায়ন বা জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছিল না—যে দুটি বিষয় আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে বলে সূত্রগুলি জানিয়েছে। এদিকে, এদিন বিকেলে টুভালু প্রতিনিধিদল একটি বিবৃতি জারি করে জোর দিয়ে বলেছে যে, আনতালিয়ায় যাই চুক্তি হোক না কেন, দেশগুলির একটি ক্রমবর্ধমান জোট জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, "বিশ্ব কী অর্জন করতে পারছে না সেদিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে, আমাদের ছোট্ট দেশটি যেখানে প্রভাব ফেলতে পারে সেখানে তার বিশাল সংকল্পকে কাজে লাগাচ্ছে। বাইরে থেকে এটিকে 'ডেভিড বনাম গোলিয়াথ'-এর লড়াই মনে হতে পারে, কিন্তু সত্য হলো ক্রমবর্ধমান তাপমাত্রার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের অনেক মিত্র রয়েছে—বিভিন্ন দেশ, বিজ্ঞানী, আদিবাসী জনগোষ্ঠী, গ্রামীণ সম্প্রদায়, নির্দিষ্ট কিছু শিল্প, নাগরিক সমাজ এবং আরও অনেকে। জলবায়ু কনভেনশনের অধীনে আলোচনা যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তখন আমরা COP-এর ভেতরে ও বাইরে জলবায়ু পদক্ষেপ তৈরির মাধ্যমে অনুপ্রেরণা ও সমাধান সৃষ্টি করছি।"

বিবৃতিতে ২০২৬ সালের এপ্রিলে কলম্বিয়া ও নেদারল্যান্ডস আয়োজিত সান্তা মার্তা সম্মেলনের উত্তরসূরি হিসেবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার লক্ষ্যে কাজ করা সমমনস্ক দেশগুলির একটি বৈঠক টুভালু ও আয়ারল্যান্ডের যৌথভাবে আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, "জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার এই দ্রুত বিকশিত সংলাপ ইউএনএফসিসিসি (UNFCCC)-র আশা ছেড়ে দেয়নি। বরং এটি কনভেনশনের লক্ষ্য ও কাজের পরিপূরক এবং আমরা যখন দ্বিতীয় 'গ্লোবাল স্টকটেক'-এর দিকে এগোচ্ছি, তখন এটি প্রথমটির লক্ষ্য পূরণে সাহায্য করবে। এটি আনুষ্ঠানিক আলোচনার বিকল্পও নয়। কনভেনশন এবং এর প্যারিস চুক্তির লক্ষ্যগুলির দিকে আনুষ্ঠানিক আলোচনা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে।" বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই নতুন উদ্যোগের অর্থ এই নয় যে আনুষ্ঠানিক আলোচনায় "আমরা যে উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখছি" টুভালু তা মেনে নেবে। বরং জীবাশ্ম জ্বালানির চাহিদা কমাতে কাজ করা দেশগুলির ক্রমবর্ধমান জোট "নিষ্ক্রিয়তা এবং বাধাকে আমাদের সংকল্প দুর্বল করতে বা অগ্রগতি ধীর করতে দেবে না।" এতে আরও যোগ করা হয়, "যারা এগিয়ে আসতে ইচ্ছুক তাদের সাথে নিয়ে আমরা যতদূর সম্ভব এগিয়ে যাব।"

রুদ্ধদ্বার আলোচনা দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে জলবায়ু আন্দোলনকারীরা এই প্রক্রিয়া এবং একটি দুর্বল সমঝোতা চুক্তির আশঙ্কার বিরুদ্ধে ক্রমশ সরব হয়ে উঠেছেন। গ্রিনপিস ইন্টারন্যাশনালের জ্যাসপার ইনভেন্টর প্রশ্ন তুলেছেন, "কোন বিকল্প পৃথিবীতে দাঁড়িয়ে COP31 জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ দেওয়ার যৌক্তিকতা প্রমাণ করতে পারে, যখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের বাস্তবতা মানুষের প্রাণহানির মাধ্যমে পরিমাপ করা হচ্ছে? এর দায় জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারীদের ঘাড়েই চাপাতে হবে। ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে বাঁচিয়ে রাখতে হলে আমরা মূল অপরাধীর নাম নেওয়া বাদ দিতে পারি না। উন্নত দেশগুলির জলবায়ু অর্থায়নের অভাবের কোনো অজুহাত চলে না, কিন্তু আলোচনার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গটিকে সরিয়ে দেওয়াটাও কপ (COP) সম্মেলনগুলির এক করুণ বাস্তবতায় পরিণত হয়েছে এবং এর বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে।"

উদীয়মান কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (CCUS) শিল্পের জন্য নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রার প্রস্তাবেরও সমালোচনা হয়েছে। আন্দোলনকারীদের যুক্তি, এই খাতটি এখন পর্যন্ত তার প্রতিশ্রুতি পূরণে অনেকাংশেই ব্যর্থ হয়েছে এবং জীবাশ্ম জ্বালানি পরিকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রাখার ঢাল হিসেবে এটিকে ব্যবহার করা হচ্ছে। আইইইএফএ (IEEFA)-র ইউরোপীয় জ্বালানি অর্থনীতি বিশ্লেষক এবং নর্থস্টোন অ্যাডভাইজার্সের অংশীদার অ্যান্ড্রু রিড বলেন, "খসড়া পাঠ্যে নয় বছরে কার্বন ক্যাপচার ৫০ গুণ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে এমন একটি প্রযুক্তি থেকে, যা গত দুই দশক ধরে অনেক ছোট লক্ষ্যমাত্রা পূরণেই ব্যর্থ হয়েছে। কপ-এর নথিতে একটি সংখ্যা বসিয়ে দিলেই প্রকৌশল বা অর্থনীতির বাস্তবতা বদলে যায় না।"

থিংক ট্যাঙ্ক ইথ্রিজি (E3G)-র গ্লোবাল ক্লিন পাওয়ার ডিপ্লোম্যাসির সহযোগী পরিচালক ড. ম্যাট ওয়েব বলেন, "১.৫ ডিগ্রি সেলসিয়াসকে নাগালের মধ্যে রাখা এবং তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি কমানোর জন্য বার্ষিক ৩,৮০০ কোটি টনেরও বেশি বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত হ্রাস করা প্রয়োজন এবং এর অর্থ হলো আমাদের অগ্রাধিকারগুলি সঠিকভাবে ঠিক করা। ২০৩৫ সালে বিদ্যুতায়ন চূড়ান্ত পর্যায়ের নিঃসরণ ৬০ শতাংশ কমিয়ে দেবে, এবং বায়ু ও সৌরশক্তি ইতিমধ্যেই সিসিইউএস (CCUS) যতটা কার্বন ডাই-অক্সাইড ধরতে পারে তার চেয়ে ৬৫ গুণ বেশি নিঃসরণ রোধ করছে। বিপরীতে, সিসিইউএস মাত্র ০.১ শতাংশ নিঃসরণ সামলায়, যা প্রায়শই মাটির নিচ থেকে আরও বেশি তেল তোলার কাজে ব্যবহৃত হয়, অথচ সিসিইউএস-সহ গ্যাসচালিত বিদ্যুতের খরচ সৌরবিদ্যুতের চেয়ে অনেক বেশি।" তিনি আরও যোগ করেন যে, যেকোনো সিসিইউএস প্রকল্পের জন্য "কঠোর সুরক্ষাকবচ" প্রয়োজন যাতে সেগুলি কেবল "সিমেন্টের মতো অনিবার্য শিল্প প্রক্রিয়ার নিঃসরণের" ওপর নিবদ্ধ থাকে। তিনি বলেন, "জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমাদের প্রকৃত সংলাপ এগিয়ে নিতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে না কমিয়ে কার্বন ক্যাপচারের ওপর নির্ভর করাটা সিগারেট না ছেড়ে ধূমপান ছাড়ার চেষ্টা করার মতো।"

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪