মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মনোয়ার হোসেন জীবন (১৯) নামের এক যুবককে আটক করেছে মাগুরা সেনা ক্যাম্প। পরে তাকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের সেলিম হোসেনের ছেলে মনোয়ার হোসেন জীবন দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্য হিসেবে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত। ৩১ আগস্ট রবিবার শ্রীপুর উপজেলার একটি এলাকায় তার বিয়ের জন্য পাত্রী দেখতে যায় এবং নিজেকে সেনাসদস্য হিসেবে পরিচয় দেন। কিন্ত তার আচার-আচরণ ও কর্মকান্ডে ওই এলাকার লোকজনদের মনে কৌতুহল ও সন্দেহ হলে তাকে আটকে রাখার চেষ্টা করেন কিন্তু ওই প্রতারক বিষয়টি বুঝতে পেরে পরে বাইরে যাওয়ার অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এর আগে গত ১ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার হাজী মোড় কলেজপাড়া এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন ওই প্রতারক মনোয়ার হোসেন জীবন। সেখানে এসে সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে বলে পরিচয় দেয় এবং সাইফুলকে জানায় যে সে যেকোন লোককে যে কোন সময় সেনাবাহিনীতে চাকুরী দিতে পারে এবং সেনাবাহিনীতে তার মাধ্যমে চাকুরী নিতে হলে তাকে ১২ লাখ টাকা দিতে হবে বলে দাবি করে।
বিষয়টি সাইফুলের সন্দেহ হলে তিনি সাথে সাথেই মাগুরা আর্মি ক্যাম্পে বিষয়টি অবগত করেন। সংবাদ পেয়ে মাগুরা সেনা ক্যাম্পের একটি চৌকস টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই-বাছাই করেন এবং আটককৃত মনোয়ার হোসেন জীবনের কথা শুনে জানতে পারেন সে আদৌও সেনাবাহিনীর সদস্য নয়। সে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ও প্রতারণা মাধ্যমে চাকুরী দেওয়ার নাম করে টাকা আয় করার ফন্দি করেছিল। সে প্রতারকচক্রের একজন সদস্য। চাকুরী পাওয়ার আশায় গ্রামাঞ্চলের অসংখ্য নিরীহ মানুষ এখনও এই প্রতারক চক্রের প্রলোভনে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানা যায়।
রিপোর্টার্স ২৪/এসএন