ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পুনঃসংযুক্তকরণের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে মো. হাবিবুর রহমান হবি শেখ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হবি শেখ উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের এয়ার ভুঁইয়া মার্কেটের (ব্র্যাক ব্যাংকের নিচতলায়) পাইকারি মুদি দোকান ব্যবসায়ী ছিলেন।
আন্দোলন সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে সম্প্রতি আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথা উপজেলার সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী হাসপাতাল মোড়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। কিছুক্ষণ পর অসুস্থতা অনুভব করলে তিনি সহযোদ্ধাদের জানিয়ে ভ্যানে করে দোকানে ফিরে আসেন। দোকানে ফিরে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, ব্যবসায়ী প্রতিদিনের মতো সকালে দোকানে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা