| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, আসামি ১৫৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৯:০৮:১৮:অপরাহ্ন  |  ৫০৫ বার পঠিত
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, আসামি ১৫৫

কুষ্টিয়া প্রতিনিধি: সীমান্তে চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এসব ঘটনায় ১৫৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ২০৭ দশমিক ৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮টি ইয়াবা, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়।

৪৭ বিজিবির অভিযানে উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১ দশমিক ৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯টি ইয়াবা এবং বিভিন্ন ধরনের ১ লাখ ৩০ হাজার ৫৬৩টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৪৭ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, বিজিবির মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সব চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা কঠিন। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা বিজিবিকে অনুপ্রাণিত করে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪