নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর শুনানি শেষে এ ঘটনা ঘটে।
পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ যখন আসামিকে হাজতখানায় নিয়ে যাচ্ছিল, তখন দুপুর সোয়া ১২টার দিকে শাহাদাত আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় আদালত ভবনের ফটক এলাকা থেকে তাকে আটক করে।
এ বিষয়ে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, “মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত ধাওয়া করে তাকে আটক করে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা