মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা চাই মেজরিটি ভোটে বিজয়ী হতে এবং জনগণের আস্থা অর্জন করতে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরও বলেন, “১৭ বছর ধরে আমরা ধানের শীষ নিয়ে কাজ করছি। এখন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। দেশের নিরাপত্তা, মানুষের সুন্দর ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করার জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে কাজ চালিয়ে যেতে হবে।”
মহিলা নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে নারীরা পুরুষদের চেয়ে বেশি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। নতুন ভোটারদের কাছে ধানের শীষের গুরুত্ব তুলে ধরতে হবে।”
আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ অনেকে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা