স্টাফ রিপোর্টার, চাঁদপুর: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিককে প্রায় ১৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, সারাদেশের ৬৪ জেলায় ৩২০ জন অসুস্থ ও দুস্থ সাংবাদিককে মোট ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর এ সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছভাবে চাঁদপুরের ১৯টি আবেদন অনুমোদন করা হয়েছে। প্রকৃত সাংবাদিকদের কখনও বঞ্চিত করা হয় না বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এছাড়া বক্তব্য দেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম ও কেএম সালাহউদ্দিন।
চেক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মির্জা জাকির, আল ইমরান শোভন, হাসান মাহমুদ, জিসান আহমেদ নান্নু, এমরান হোসেন রাজন ও মিজানুর রহমান লিটন। তারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা