বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, “আমরা আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সমাজ সংস্কার ও মানবতার কল্যাণে কাজ করাও একধরনের ইবাদত। সেই দায়িত্ববোধ থেকেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, সেলাই প্রশিক্ষণ দিচ্ছি, সেলাই মেশিন বিতরণ করছি এবং অসংখ্য পরিবারকে ঘর মেরামতের ব্যবস্থা করে দিয়েছি।”
তিনি আরও বলেন, “ইসলামে নারীর অধিকার পুরুষের তুলনায় তিন গুণ বেশি। ইসলাম কায়েম হলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সুসংহত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের সেই অধিকার নিশ্চিত করতে কাজ করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক বি. এম. সাইফুল্লাহ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ খালিদুর রহমান, মুফতি মাওলানা মো. জাকির হোসেন ও উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম।
এ সময় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপহার পেয়ে নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাদিজা বেগম বলেন, “অনেকদিন ধরে সেলাই কাজ শিখেও মেশিন কেনা সম্ভব হয়নি। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো।” হালিমা বেগম জানান, “টাকার অভাবে সেলাই মেশিন কেনা যায়নি। আজকের এ উপহার আমার জীবনে নতুন আশা জাগিয়েছে।”
ড. মাসুদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা