স্টাফ রিপোর্টার: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ উপকূলের দিকে না এলেও এর প্রভাব পুরো দেশে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকভান ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী ১৮, ১৯, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন এলাকায় আকভানের প্রভাবে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা আরো বলেন, প্রবল ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এর চারপাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে বলেও জানান তিনি।
আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। স্বাভাবিক সময়ের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে আবহাওয়া দপ্তরের তথ্যমতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিধি বাড়তে পারে। এক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা ভারি বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। তবে পরের ৪৮ ঘণ্টায় দেশের ৮ বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রিপোর্টার্স২৪/রাফিদ