বগুড়া প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শাজাহানপুর উপজেলা নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠেছে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে শাজাহানপুর উপজেলা ৫-৪ গোলে কাহালু উপজেলাকে পরাজিত করে। ম্যাচের ১৩ মিনিটে শাজাহানপুরের শুভ প্রথম গোল করেন। তবে শেষ মুহূর্তে কাহালুর কিংসলে সমতা ফেরান। অবশেষে টাইব্রেকারে শাজাহানপুর নিশ্চিত করে সেমিফাইনাল।
খেলাটি পরিচালনা করেন রেফারি জিন্না, তাকে সহযোগিতা করেন স্বপ্নীল ও লিওন। ম্যাচসেরা নির্বাচিত হন শাজাহানপুরের শুভ। তার হাতে পুরস্কার তুলে দেন জুলাই শহীদ মাহফুজের ভাই মোঃ আপেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাকসুদুল আলম বুলবুল, আতিক প্রমুখ।
আগামী সোমবারের খেলায় মুখোমুখি হবে শেরপুর উপজেলা বনাম গাবতলী উপজেলা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা