ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
র্যাব-৯ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক পেশাদার কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্বপাড়ায় সাচ্চু মিয়ার টিনশেড দোচালা ঘরে অভিযান চালানো হয়। এ সময় মোস্তফা মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আঃ কাদের মিয়ার ছেলে। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে ১৫০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী হওয়ার কথা স্বীকার করেছেন।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এস