| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা সংকট, ক্যাম্পের নিরাপত্তাহীনতা ও মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ; অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৯:৪৪:০০:অপরাহ্ন  |  ৩৩৫ বার পঠিত
রোহিঙ্গা সংকট, ক্যাম্পের নিরাপত্তাহীনতা ও মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ; অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বাংলাদেশে তাঁর ১১ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সরকারি সফর শেষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মিয়ানমারের চলমান মানবাধিকার ও মানবিক সংকট কীভাবে বাংলাদেশকে প্রভাবিত করছে, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং সশস্ত্র সংঘাত ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের পরিস্থিতি পর্যালোচনা করতেই তিনি এই সফর করেন।

সফর শেষে দেওয়া বিবৃতিতে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সফরের বিষয়বস্তু অত্যন্ত কঠিন হলেও বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।

বিশেষ প্রতিবেদক বলেন, মিয়ানমারের চলমান মানবাধিকার ও মানবিক সংকটের কারণে বাংলাদেশ এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি না হওয়ায় এসব মানুষের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, মিয়ানমারে প্রতিদিন সশস্ত্র পক্ষগুলোর হামলায় বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী রাখাইন রাজ্যে সংঘাতের তীব্রতা বিশেষভাবে উদ্বেগজনক। একই সঙ্গে নেপিদো কর্তৃপক্ষ ও আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় রোহিঙ্গা এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

এসব পরিস্থিতি শুধু রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনকে অসম্ভব করে তুলছে না, বরং মিয়ানমারের অভ্যন্তরেও জীবন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ফলে আরও বেশি মানুষ বাধ্য হয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

মানবিক সহায়তা কমছে, প্রয়োজন বাড়ছে

বিশেষ প্রতিবেদক বলেন, মিয়ানমার এবং বিশেষ করে রাখাইন রাজ্যে সংঘাত তীব্রতর হলেও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক দাতাদের অর্থায়ন ক্রমাগত কমছে।

রাখাইন রাজ্যের অভ্যন্তরে মানবিক নীতিমালা অনুসরণ করে সহায়তা পৌঁছে দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তার বাজেট ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, অথচ সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি উল্লেখ করেন, তাঁর পূর্বসূরির সর্বশেষ বাংলাদেশ সফরের পর দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য শরণার্থীদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি সমন্বিত কৌশল প্রণয়নের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন।

চূড়ান্ত কৌশল এখনো প্রকাশিত না হলেও তাঁর উপলব্ধি অনুযায়ী, এতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে রয়েছে—মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে জড়িত কোনো গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া, শরণার্থী ক্যাম্পের বেসামরিক ও মানবিক চরিত্র বজায় রাখা এবং টেকসই প্রত্যাবাসনের প্রস্তুতির অংশ হিসেবে শরণার্থীদের শিক্ষার সুযোগ, কর্মমুখী দক্ষতা ও স্বনির্ভরতার সুযোগ বৃদ্ধি করা। পাশাপাশি স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থকেও গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।

ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক

এই প্রেক্ষাপটেই গত ১০ দিন বাংলাদেশ সফর করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।

ঢাকায় তিনি নতুন কৌশল প্রণয়নের সঙ্গে যুক্ত সরকারের বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

পরে তিনি কক্সবাজার সফর করেন এবং স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থী ক্যাম্পের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেন। নতুন কৌশল বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হয়।

সফর আয়োজন ও কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সমন্বয় প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার দলগুলোকেও ধন্যবাদ জানান।

ক্যাম্পে নিরাপত্তাহীনতা, নারী ও শিশুদের ঝুঁকি

বিশেষ প্রতিবেদক বলেন, সফরের সময় যেসব শরণার্থীর সঙ্গে তাঁর কথা হয়েছে, তাঁদের অভিজ্ঞতা, হতাশা, উন্নত জীবনের প্রত্যাশা এবং নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্ন তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।

শরণার্থীদের সঙ্গে আলোচনায় সব ধরনের নিরাপত্তাহীনতার বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্কুলে যাতায়াতের সময় কিশোরী ও তরুণীদের নিরাপত্তা, ২০২৪ সালের পর বাংলাদেশে আসা শরণার্থীদের অস্থায়ী আশ্রয়ের অনিশ্চয়তা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ভেতরে ধর্মীয় সংখ্যালঘুদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

তিনি বলেন, অনেক নারী ও কিশোরী বাড়ির বাইরে যেতে ভয় পান। অনেক মা আশঙ্কা করেন, তাঁদের সন্তান অপহরণের শিকার হতে পারে কিংবা আরও ভয়াবহ কোনো বিপদের মুখে পড়তে পারে। অন্যদিকে, দুর্বৃত্ত ও অপরাধীদের হাতে নিজেদের ও পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হতে দেখে অনেক পুরুষ অসহায় বোধ করেন।

তবে এত প্রতিকূলতার মধ্যেও রোহিঙ্গাদের মধ্যে কাজ করার, শিক্ষা গ্রহণের এবং নিজেদের ও সন্তানদের জন্য মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর ভাষায়, ভবিষ্যতে এমন একটি মিয়ানমারে ফিরে যাওয়ার প্রত্যাশা এখনো রোহিঙ্গাদের মধ্যে রয়েছে, যেখানে তাঁদের অধিকার সম্মান করা হবে এবং তাঁরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন।

আইসিজের রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা

বাংলাদেশ সফরে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়।

বিশেষ প্রতিবেদক বলেন, ১৯ নভেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

১৯৪৮ সালে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হওয়ার পরও অনেক অপরাধী জবাবদিহি থেকে রেহাই পেয়েছে এবং বহু ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ—নিজস্ব পরিচয় ও ভূমির অধিকার কেড়ে নেওয়া, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যাকাণ্ড—শুধু ২০১৭ সালে শুরু হয়নি, আবার ওই বছরেই শেষও হয়নি। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতেও দায়মুক্তি পাওয়ার প্রত্যাশা করেছে এবং এখনো সেই প্রত্যাশা করছে।

তিনি বলেন, আইসিজের আসন্ন সিদ্ধান্ত এই দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার একটি সম্ভাব্য পদক্ষেপ।

তাঁর প্রত্যাশা, আদালতের রায়ে এসব অপরাধ যথাযথভাবে স্বীকৃতি পাবে, অপরাধকে তার সঠিক নামে চিহ্নিত করা হবে এবং ন্যায়বিচারের পথ সুগম হবে। এমনটি হলে রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সহায়তা করা সব রাষ্ট্রের দায়িত্ব হয়ে উঠবে।

তবে রায় প্রত্যাশা পূরণ করতে না পারলেও রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবি থেমে থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রায়ের ফলাফল যা-ই হোক না কেন, রোহিঙ্গা ভুক্তভোগী, তাঁদের সম্প্রদায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে তাঁদের সমর্থকেরা ন্যায়বিচারের দাবি জানানো এবং দায়মুক্তির অবসানের জন্য লড়াই চালিয়ে যাবেন। তিনি তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন।

মিয়ানমারের সংকটের সমাধান নেপিদোতে সীমাবদ্ধ নয়

সফর শেষে দেওয়া পর্যবেক্ষণে বিশেষ প্রতিবেদক বলেন, এই মুহূর্তে মিয়ানমারে শান্তির পথ নেপিদো হয়ে যায় না। বর্তমান সংকটের প্রধান দায় নেপিদোর কর্তৃপক্ষের ওপর বর্তায়।

রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর পরিচয়, নিরাপত্তা এবং মানবাধিকারের দীর্ঘদিনের অস্বীকৃতির মধ্যেই এই সংকটের শিকড় রয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সংঘাত কয়েক দশকের পুরোনো একটি সংগ্রামের নতুন অধ্যায়। মূল প্রশ্ন হলো, দেশটি কি বর্জনমূলক, শোষণনির্ভর ও নিজেদের স্বার্থকেন্দ্রিক সামরিক অভিজাতদের নিয়ন্ত্রিত একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবেই থাকবে, নাকি মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং নাগরিকদের ভয়মুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা একটি প্রকৃত ফেডারেল গণতন্ত্রে রূপান্তরিত হবে।

অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান

বিশেষ প্রতিবেদকের মতে, মিয়ানমারের ভবিষ্যৎ নির্ধারণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ। এ সংলাপে রোহিঙ্গা এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

আঞ্চলিক দেশ ও অন্যান্য সদস্যরাষ্ট্রের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন সব গুরুত্বপূর্ণ অংশীজনের অংশগ্রহণে অর্থবহ রাজনৈতিক সংলাপকে সমর্থন করে এবং বেসামরিক জনগণের ওপর হামলাসহ দেশটিতে সহিংসতা বাড়ায় এমন সব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নেয়।

তিনি আরও বলেন, শরণার্থী ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী কিংবা অপরাধী সংগঠনের অবৈধ অস্ত্রধারীদের অপসারণ, নিরস্ত্রীকরণ এবং তাদের অস্ত্র বহনে নিরুৎসাহিত করা জরুরি। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের জন্য ক্যাম্পের নিরাপত্তা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদক, মানব পাচার ও অপরাধী গোষ্ঠীতে জড়িয়ে পড়ার ঝুঁকি

ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাহীনতা এবং আইনশৃঙ্খলার অবনতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে অসহায় জনগোষ্ঠীকে।

বিশেষ প্রতিবেদক বলেন, অর্থনৈতিক ও শিক্ষার সুযোগের অভাবের সঙ্গে নিরাপত্তাহীনতা যুক্ত হয়ে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে।

এর মধ্যে রয়েছে অবৈধ মাদকের ব্যবহার ও পাচার, চোরাচালান ও মানব পাচারে জড়িয়ে পড়া, অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ এবং অনলাইন জুয়ায় আসক্তি।

এ ধরনের পরিস্থিতি শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন কঠিন করে তুলছে। একই সঙ্গে এটি মিয়ানমারের সশস্ত্র সংঘাতকেও উসকে দিচ্ছে, যা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথে বাধা হয়ে রয়েছে।

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে

বিশেষ প্রতিবেদক বলেন, ক্যাম্পের নিরাপত্তাহীনতার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে নারী ও শিশুদের ওপর। লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ বাড়ছে।

বিশেষ করে সুরক্ষা, শিক্ষা, জীবিকার সহায়তা এবং জরুরি নয় এমন স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক দাতাদের সাম্প্রতিক অর্থায়ন হ্রাস পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

তিনি সতর্ক করে বলেন, শুধু জীবন রক্ষাকারী জরুরি সহায়তার ওপর একমুখী গুরুত্ব দেওয়ার ফলে দীর্ঘমেয়াদি প্রয়োজনগুলো উপেক্ষিত হচ্ছে। সহায়তা আরও কমে গেলে এমন একটি তরুণ প্রজন্ম তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে, যাদের সামনে কোনো আশা বা সম্ভাবনা থাকবে না।

শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সমন্বিত নীতি প্রয়োজন

বিশেষ প্রতিবেদকের পর্যবেক্ষণ অনুযায়ী, শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাগুলোকে আলাদা বা সাময়িক সমস্যা হিসেবে দেখার পরিবর্তে একটি সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, এমন সামগ্রিক নীতি গ্রহণ করতে হবে, যা উভয় জনগোষ্ঠীর অভিন্ন প্রয়োজন, সম্ভাবনা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে।

নীতিনির্ধারক ও আন্তর্জাতিক অংশীদারদের প্রত্যাবাসন-পরবর্তী পরিস্থিতির জন্যও আগাম পরিকল্পনা করতে হবে। প্রত্যাবাসন পাঁচ সপ্তাহ, পাঁচ মাস কিংবা পাঁচ বছর পর—যখনই হোক না কেন, শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী যেন প্রস্তুত থাকে, সে জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয়করণের নামে আন্তর্জাতিক সহায়তার সামগ্রিক পরিমাণ কমিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। কার্যকর স্থানীয়করণের জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সব জনগোষ্ঠীর দক্ষতা ও সামর্থ্যে বিনিয়োগ, সামাজিক সংহতি জোরদার এবং ক্যাম্প ব্যবস্থাপনায় সংস্কার।

এ ক্ষেত্রে শরণার্থীদের আত্মনির্ভরশীলতা, প্রকৃত প্রতিনিধিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

দাতব্য সহায়তা নয়, অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন

বিশেষ প্রতিবেদক বলেন, শরণার্থীদের কেবল সহায়তা গ্রহণকারী হিসেবে বিবেচনা করার দাতব্যভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তে তাঁদের অধিকারসম্পন্ন মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাঁদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মতামত ও অংশগ্রহণের অধিকার রয়েছে।

তিনি বলেন, মানবাধিকারের মূল ভিত্তিই হলো মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। কোনো আন্তর্জাতিক কনভেনশনের বাধ্যবাধকতা কিংবা অন্য বিবেচনার বাইরেও টেকসই সমাধানের জন্য এটিই হওয়া উচিত প্রথম শর্ত।

২০২৭ সালের মার্চে মানবাধিকার পরিষদে পূর্ণাঙ্গ প্রতিবেদন

বাংলাদেশ সফর শেষে বিশেষ প্রতিবেদক জানান, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনের জন্য আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করবেন।

এ ছাড়া ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বাংলাদেশ সফর নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন।

তিনি মনে করেন, মিয়ানমারের চলমান সংকটের সমাধান শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ, রোহিঙ্গাদের নাগরিক ও মানবাধিকার, বাংলাদেশের শরণার্থী ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনযাত্রার প্রশ্ন।

তাই নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠী উভয়ের জন্য দীর্ঘমেয়াদি, অধিকারভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪