| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানছড়িতে সেনা অভিযানে পালালো ইউপিডিএফ (মূল) সশস্ত্র দল, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৬:১৬:৩৭:অপরাহ্ন  |  ১৫৩৪১২২ বার পঠিত
পানছড়িতে সেনা অভিযানে পালালো ইউপিডিএফ (মূল) সশস্ত্র দল, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সেনা সূত্র জানায়, চলমান দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে সেনা টহল দল ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়ায় অবস্থানরত ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে সশস্ত্র দলটি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি রাশিয়ান পিস্তল (টোকারেভ TT-33), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৭.৬২ মি.মি. রাইফেলের ২০০ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, ফার্স্ট এইড বক্স, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইউপিডিএফ (মূল) এর সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা ও অঙ্গ মারমাসহ গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সাধারণ জনগণের জীবনযাত্রা বিঘ্নিত না করে ভবিষ্যতেও শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪