ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের একটি পুকুর থেকে ফারজানা আক্তার জুঁই (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম। মৃতা লাউর গ্রামের উত্তর পাড়ার নির্মাণ শ্রমিক আবুল হাসনাতের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর গ্রামের একটি পুকুরের পানিতে এক ব্যক্তি কচুরিপানা তুলতে গিয়ে দেখেন, সেখানে এক নারীর মরদেহ ভাসছে।
তার ডাক-চিৎকারে মুহূর্তেই এ খবর গ্রামে ছড়িয়ে পড়ে।
গ্রামের বাসিন্দা সুজন খন্দকার জানান, গ্রামের ওই পুকুরটি নিয়ে এলাকায় নানা গুজব রয়েছে। ১০ বছর আগে মৃতার ফুফাতো ভাইয়ের মরদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল।
মৃতার বাবা আবুল হাসনাত বলেন, ‘দুদিন ধরে মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিলাম না।
শেষ পর্যন্ত গ্রামের এই রহস্যময় পুকুরেই যে আমার মেয়ের মরদেহ এভাবে ভেসে উঠবে, সেটি ভাবতেই পারিনি।’
ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, ‘২০২৪ সালে আমাদের কলেজ থেকে জুঁই এইচএসসি পাস করেছে। মেয়েটি খুবই ভালো ও শান্ত স্বভাবের ছিল।’
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘গতকাল শনিবার ওই পুকুর থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হবে। তবে প্রাথমিক পর্যায়ে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এস