সিনিয়র রিপোর্টার : রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের ১ নম্বর যুগ্ম আহবায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূইয়া (৪৮), কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজিব কাজী (৩৪) ও হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ইয়াসিন আহমেদ রবিন ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে লোক জোগাড় ও আর্থিক সহায়তা দিতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন