সিনিয়র রিপোর্টার : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫০ জনকে, সিটিটিসি ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে এবং উত্তরা বিভাগ ৩ জনকে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ টি ককটেল ও ৭ টি ব্যানার উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এতে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে এমন তথ্যের ভিত্তিতে ডিএমপির সকল ইউনিটের চেষ্টায় ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে স্থানীয় জনসাধারণের সহায়তা করে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। আজকের ঝটিকা মিছিল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তারে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে।
নজরুল ইসলাম বলেন, পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। তাহলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আরও বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ইতোপূর্বে ডিএমপির বিভিন্ন ইউনিট ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন