| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলিশের দাম কমাতে না পারাটা কষ্টের: মৎস্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:৫৩:১০:অপরাহ্ন  |  ১৫০৯৭৪৫ বার পঠিত
ইলিশের দাম কমাতে না পারাটা কষ্টের: মৎস্য উপদেষ্টা
ছবির ক্যাপশন: ইলিশের দাম কমাতে না পারাটা কষ্টের: মৎস্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের দামের ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এ জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ যেন সাশ্রয়ী দামে ইলিশ খেতে পারে, সে জন্য আমরা গবেষণা চালাচ্ছি। আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। ইলিশের প্রাপ্তি শুধু অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষা করে হচ্ছে না, আমরা দেখছি আরও অনেক কারণ আছে। আশা করছি, এ বছর না পারলেও আগামীতে ভালো অবস্থায় আসতে পারবো।’ 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইলিশের বাজারচিত্র উপস্থাপন করেন। এ সময় এসব কথা বলেন তিনি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ ও সারা দেশের বাজার পরিস্থিতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ঢাকায় ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ৯০০ গ্রামের বেশি হলে প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

ইলিশের চড়া দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, বাজারে দাম কমাতে না পারাটা আমারও কষ্টের কারণ। আমি কোনও আত্মপক্ষ সমর্থন করবো না। ব্যর্থতা বলতে চাইলে বলতে পারেন। তবে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

ফরিদা আখতার জানান, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ইলিশের দাম এখনও বেশি। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১০৩ টন ইলিশ রফতানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত করেছে প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।

রফতানি ও বাজারমূল্যের তুলনাতেও অসামঞ্জস্যের কথা উল্লেখ করে তিনি। জানান, গত ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে ২২ মেট্রিক টনের বেশি ইলিশ রফতানি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

উপদেষ্টা জানান, আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, ক্রয় ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এ সময়ে ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় সাড়ে ১৫ হাজার টন চাল দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়া এবং বাজারে দাম না কমায় আমরা উদ্বিগ্ন। জনসাধারণের কষ্ট আমরাও অনুভব করছি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪