| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভাবেও হারা যায়, দেখাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৬:৩৮:২৭:অপরাহ্ন  |  ১২২৬১৬২ বার পঠিত
এভাবেও হারা যায়, দেখাল বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: এশিয়ান কাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টেবর) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে এ ম্যাচে জয় দরকার ছিল লাল-সবুজের দলের। তবে ম্যাচে হামজা চৌধুরির দুর্দান্ত গোলে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হল জামাল ভূঁইয়াদের।

ম্যাচের ১৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বক্সের ডান পাশ থেকে কোনাকুনি ফ্রি কিকে সরাসরি শট নিয়েছিলেন জালে, হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জড়িয়ে হয় গোল।

ম্যাচের প্রথম আধা ঘণ্টায় বাংলাদেশ যে এগিয়ে ছিলো, সেটি স্কোরলাইনই বলে দিচ্ছিল। তবে বলে দখল, আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানোতেও বাংলাদেশই দাপট দেখিয়েছে। কিন্তু দাপট বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪২ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল ঢোকায় হংকং। তবে বল নাগালে নেওয়ার সময় নিকোলাস বেনাভিদেস ছিলেন অফ সাইডে। এতে গোল হয়নি।

১ গোলে লিডে থাকা বংলাদেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসে। হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। যদিও কর্নার কিক থেকে বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন।

১৩তম মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতার হতাশায় পুড়েছে। এর পরই বিরতির বাঁশি বাজান রেফারি।

বাংলাদেশ দল মাঠ ছেড়েছে হতাশা নিয়ে। হতাশ গ্যালারির দর্শকও। প্রবল উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে খেলা দেখছিলেন তারা। ১৩তম মিনিটে হামজার গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর যা শুধু বেড়েছেই। কিন্তু বিরতির আগমুহূর্তে রক্ষণ দুর্বলতায় গোল হজমে সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই সমতা থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৫০ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেদ করে হংকংকে এগিয়ে দিয়েছেন রাফায়েল মেরকিস। হংকংয়ের ২ গোলের বিপরীতে বাংলাদেশের তখন ১।

৫৭তম মিনিটে একসঙ্গে তিনটি বদল আনেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। মাঠে নামান শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে। আর উঠিয়ে নেওয়া হয়েছে সোহেল রানা ও ফয়সাল আহমেদকে।

ম্যাচে এগিয়ে থাকা হংকং একটু বেশিই সতর্ক। বাংলাদেশকে খুব একটা খেলার জায়গা দিচ্ছিল না। প্রথমার্ধের খেলায় যে গতি ছিল, তাতে কিছুটা হলেও ভাটা পড়ে। গতি হারিয়ে প্রায় স্থবির হয়ে পড়ে বাংলাদেশ।

গোলের চিন্তায় বাংলাদেশ দল রক্ষণে একটু বেশিই অমনোযোগী ও মানসিকভাবে পিছিয়ে পড়েছিলো। আর সেটিরই খেসারতে খেতে হলো তৃতীয় গোল। সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল গেল গোলমুখে, ফাঁকায় থাকা মেরকিস সহজেই পাঠালেন জালে। ৭৪তম মিনিটে তৃতীয় গোলটি করেছে হংকং।

পাল্টা গোল দিতে মরিয়া ছিলো বাংলাদেশ। তাই ৮৪তম মিনিটে শেখ মোরছালিন দ্বিতীয় গোলটি করেন। এই গোলে অবশ্য হংকং গোলকিপারেরও ভূমিকা আছে। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে আসা বল চমৎকারভাবে বক্সে পাঠিয়েছেন ফাহামিদুল। হংকং গোলকিপার তা ঠিকঠাকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল তাঁর হাত থেকে বেরিয়ে পায়ের সঙ্গে লেগে নিচে পড়ে গেলে সামনে পেয়ে যায় মোরছালিন। তিনি পাঠিয়ে দেন জালে।

এরমধ্যেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়ে যায়। বাংলাদেশ এক গোল ব্যবধানে পিছিয়ে ছিলো। চতুর্থ রেফারি জানালেন, খেলা হবে আরও ৯ মিনিট। পাঁচ গোলের উদ্‌যাপন আর ছোটখাট চোটজনিত একাধিক বিরতির কারণে এই অতিরিক্ত সময় দেওয়া হয়।

যোগ করা সময়ে অর্থাৎ ৯৮তম মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ৩–৩ সমতায় এনে দেন শমিত সোম। বাংলাদেশ দলের জার্সিতে এটি তাঁর প্রথম গোল। কিন্তু এ সমতা আর বেশিক্ষণ টেকেনি। সমতা আনতে না আনতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল করে হংকং। এতোটাই শেষ মুহূর্ত যে, রেফারি বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের জালে বল জড়াতেই বাঁশি বাজিয়ে সমাপ্তির ঘোষণা দিলেন তিনি। বাংলাদেশ ৩, হংকং ৪। এমন স্কোরে শেষ হয় বাংলাদেশ-হংকংয়ের ম্যাচটি। 

বাংলাদেশ দল এই ম্যাচটি খেলেছে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকে। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে, হংকং ১৪৬–এ। আর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কখনো জেতেওনি। আজকের আগে দুদল মুখোমুখি হয়েছে চারবার। হংকংয়ের জয় তিনটি, একটি ম্যাচ ড্র হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪