| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোগী দেখে সংসার চালানোর কথা জানালেন সমাজকল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০১:২৬:০৯:পূর্বাহ্ন  |  ৬৭৬ বার পঠিত
রোগী দেখে সংসার চালানোর কথা জানালেন সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: চিকিৎসক নেতা থেকে রাজনীতিক— দীর্ঘ পথচলায় চিকিৎসা ও রাজনীতি সমানতালে এগিয়ে নিয়েছেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

বুধবার (২৭ মে) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রিত্ব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মন্ত্রিত্ব কোনো সোনার হরিণ নয়, সোনার বাটিও নয়। আমি মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পর বরং অর্থনৈতিকভাবে কষ্টের মধ্যে আছি।

তিনি বলেন, সরকারি বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ায় আবারও নিয়মিত রোগী দেখা শুরু করেছেন। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখি, যাতে সংসারটা ভালোভাবে চলে, বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সকাল ৬টা থেকে দৌড় শুরু করতে হয়। কখন অফিসে যাব, কখন প্রস্তুত হব আর কখন কাজ করব— সব মিলিয়ে রাত ২টা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এটি কোনো লোভনীয় বিষয় নয়, বরং অত্যন্ত কঠিন দায়িত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর অনেকের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। দামি পোশাক পরছেন। তাদের আয়কর নথি ও সম্পদের হিসাবও জনসমক্ষে তুলে ধরা উচিত।

মন্ত্রিত্ব প্রসঙ্গে তিনি বলেন, অনেকে মনে করেন মন্ত্রিত্ব খুব লোভনীয় বিষয়। হয়তো ১২ ফেব্রুয়ারির আগের বাস্তবতায় তা ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এটি অত্যন্ত কঠিন দায়িত্ব।

স্বৈরাচার ও গণতন্ত্রের পার্থক্য তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই সরকার, মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। স্বৈরাচারী শাসনব্যবস্থা আর গণতান্ত্রিক ব্যবস্থাকে এক করে দেখা ঠিক নয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪