| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৫:১৭:৩০:অপরাহ্ন  |  ১০৬৮ বার পঠিত
পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) ভোরে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫-এর নিকট দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়। ভারতের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১০ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়।

তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির একটি টহলদল দ্রুত বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ১০ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ব্যক্তিরা ভারতের অংশে শূন্যরেখা (জিরো লাইন) থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন।

৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই অবস্থান করছেন।”

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪