অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গণস্বাক্ষর করে পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোন ফল না পেয়ে ১২ অক্টোবর (রবিবার) সকাল থেকে এলাকাবাসীরা সড়ক অবরোধ করে ।
মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়াতে এই আবাসিক এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ঘাট, গোডাউন, একাধিক কয়লা ও সারের ড্যাম্প। ব্যবসায়ীক কারণে প্রতিদিন এই সড়কে যাতায়াত করে অনেক লোড আনলোড ট্রাক সহ বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা বলেন, ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করে কোটি, কোটি টাকা উপার্জন করছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা ব্যাবসায়ী কেউ এই সড়ক মেরামতে আগ্রহী না।
ফলে সড়কটি পুরো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। শিক্ষার্থীদের এই সড়কের নোংরা কাদা ও পানি মাড়িয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে সড়কের আশপাশের বাসিন্দারা। এমনকি এ রাস্তায় ট্রাক চাপায় মানুষ নিহত হওয়ার ঘটনা ও ঘটেছে। কোথাও থেকে কোন প্রতিকার না পেয়ে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকথা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর রাস্তা অবরোধের বিষয়টি জানার সাথে সাথেই বর্তমান পৌর প্রশাসক সরেজমিনে দেখার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এসে যেটা দেখছি সড়টির ভয়াবহ অবস্থা, চলাচলের অনুপযোগী। সরকারি বরাদ্দ আসলেই কাজ শুরু হবে। তবে আশু সমস্যার সমাধানের জন্য অত্র এলাকার ব্যবসায়ীদেরকে ডেকে দ্রুত একটা সমাধানের চেষ্টা করবো।
রিপোর্টার্স২৪/এসএন