| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৩:৩০:৪৫:অপরাহ্ন  |  ২৬৯ বার পঠিত
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে এ হামলা চালানো হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার পর লাঠি, ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছিলেন।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁদের কয়েকজন ওই ভবনেও অবস্থান করছিলেন।

মামুন পাটোয়ারী আরও জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাঁদের হাতে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন কার্যালয়ের দপ্তর সম্পাদক।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি মনে করছেন, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করেও এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে হামলার পর সরেজমিনে ভবনটিতে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪