মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার (১২ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে ৭ দফা দাবির মধ্যে ছিল— শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ,আওয়ামী আমলে সংঘটিত সকল গণহত্যা, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ভারতের সঙ্গে আওয়ামী সরকারের সময় সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ ও বাতিল করা,জাতীয় পার্টি ও ১৪ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা,সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজন,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ভারতের প্রভাবমুক্ত একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।
স্মারকলিপি প্রদান শেষে জাগপার প্রসিডিয়াম সদস্য আসাদ খান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ৭ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জাতিকে মুক্ত, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচনের পরিবেশ দিতে হবে। তিনি আরও বলেন, “বিদেশি প্রভাব ও দমন-পীড়নের রাজনীতি থেকে জাতিকে রক্ষা করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
রিপোর্টার্স২৪/এসএন