| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীর বাড়িতে হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৭:৫০:০৫:পূর্বাহ্ন  |  ২৩০৯৩৮৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীর বাড়িতে হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ এনে এক নারীর বাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দিয়েছে  স্থানীয় লোকজন।  এছাড়াও ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে ও চুল কেটে তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে এবং সময় ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাতেই বাড়িঘর ভাঙচুর ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীর গলায় জুতার মালা পরিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে তার বাড়িঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হুজরাপুর এলাকার বাসিন্দা এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এই বিষয়ে স্থানীয় লোকজন তাকে একাধিকবার সতর্কও করেছিলেন। কিন্তু বারবার সতর্ক করার পরেও ওই নারীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কতিপয় স্থানীয় ব্যক্তি জোটবদ্ধ হয়ে গভীর রাতে ওই বাড়িতে হামলা চালান। হামলায় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র এবং একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়রা কেবল ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ওই নারীকে জনসমক্ষে লাঞ্ছিত করা হয়।

ওই নারীর বড় ছেলে মোহাম্মদ আলাল বলেন, আগে খারাপ ছিল। ভালো হওয়ার জন্য আমার মা আরেকটা বিয়ে করে রহনপুরের হুজরাপুরে থাকে। দুই বছর থেকে ভালোই ছিল। বর্তমানে স্থানীয় ইয়াং ছেলেরা চক্রান্ত করে এটা ঘটিয়েছে। তাকে বাড়ি থেকে টেনে হিচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে রাস্তার পাশে অত্যাচার করেছে। এ সময় বাড়িতে হামালা চালিয়ে  সোনা, টাকা, বাড়ির দলিল লুট করে নিয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে মাকে থানা থেকে ছাড়িয়ে হাসপাতালে ভর্তি করেছি।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ওই নারীকে পুলিশ উদ্ধার করে। পরে তাকে তার ছেলে-মেয়েদের জিম্মায় দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন,  ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে একটি বাড়িতে হামলা ও ভাঙচুর আগুন দিয়েছে স্থানীয় জনতা। ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং তার চুল কেটে দেয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, একই সঙ্গে ওই নারীকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় এখনও কেউই কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে বিকালে এলাকাবাসীর ব্যানারে মাদক বিক্রি ও পতিতাবৃত্তি বন্ধসহ ওই নারীর শাস্তির দাবিতে চার গ্রামের মানুষ মানববন্ধন করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪