চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জুয়েল রানা নামে এক ইউপি সদস্যসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
রবিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ফাটাপাড়া মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে জুয়েল রানা (৩২)। তার বর্তমান ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায়। অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন (৩১)।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ময়েজ উদ্দিন জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লায় ববিতার ভাড়াবাড়ি ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে পৃথক অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পৃথক এ অভিযানে ববিতার বসতঘর থেকে ৭৫০ ও জুয়েলের বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাকেরকে গ্রেপ্তার করা হয়।
একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে ববিতা ও জুয়েলকে অভিযুক্ত করে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রিপোর্টার্স২৪/এসএন