শেরপুর প্রতিনিধি : শেরপুরে বেকারী ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ওরফে বেকারী শফিক তার স্ত্রীর প্রতি পরকীয়া ও নিয়ন্ত্রণবোধ দেখিয়ে দীর্ঘদিন যাবত মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। সম্প্রতি তিনি স্ত্রীর অন্তরঙ্গ ছবি কৌশলে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এবং বাবার বাড়ি থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন।
এ ঘটনার পর প্রতিরোধ করতে গিয়ে স্ত্রী মমতাজ বেগম ও দুই নাবালক সন্তানের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেছেন শফিক। নালিতাবাড়ী থানার কালিনগর বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম নিয়মিত স্ত্রীকে মারধর করতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি মমতাজকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেন এবং একবার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন।
মমতাজ গত ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে দেখা গেছে, শফিকুলের অভিযোগে কোন সত্যতা নেই, বরং তার বিরুদ্ধে নির্যাতন, পরকীয়া ও যৌতুক দাবির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীরা শফিকুলের চরিত্র ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম