জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর বুকে পড়েছেন যাত্রীরা।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুস সোবহান জানান, কেন্দ্রীয় নির্দেশে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটসহ উত্তরবঙ্গের সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
মালিক শ্রমিকদের দাবি মানা না হলে আগামীকাল সকাল থেকে ঢাকা বিভাগ এবং পরদিন থেকে সারা বাংলাদেশে বাস মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
এদিকে পূর্ব কোন ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অসংখ্য যাত্রী বাসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস টার্মিনালে এসে বাস বন্ধ দেখে বিপাকে পড়েছেন।
সাইফুল্লাহ নামে এক যাত্রী জানান, দেশে কথায় কথায় আন্দোলন হয়। এতে আমাদের মতো সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হয়।
মাহমুদ হাসান নামে এক বাস যাত্রী বলেন, আমরা সাধারণ মানুষ। আমাদের কোন আন্দোলন নেই। আমরা নিরবে নিষ্পেষিত হই। আমাদের বলারও কিছু নেই, শোনারও কেউ নেই, আন্দোলনেরও কোন সুযোগ নেই। দুর্ভোগ-দুর্দশা সহ্য এবং ধৈর্য ধরাই আমাদের কাজ।
জামালপুর পৌর বাস টার্মিনাল আসাদুল নামে এক বাস যাত্রী বলেন, আমরা কৃষক। শহরে যাই বিশেষ কোনো কাজে। শহরের নানা পেশার মানুষ নানামুখী আন্দোলন করে। কৃষক হিসাবে আমরা যে কত বঞ্চিত হচ্ছি, আমাদের আন্দোলন কে করে!
রিপোর্টার্স২৪/এসএন