রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইঁদুরের আক্রমণে জুমচাষে ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণকৃত প্রতিটি প্যাকেজে চাল ৬০ কেজি, ডাল ১ কেজি, লবণ ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার এবং শুঁটকি ৫০০ গ্রাম ছিলো। ‘Alert B0-67’ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। ৪৫ দিন মেয়াদের এ প্রকল্পের মাধ্যমে সাজেকের বিভিন্ন এলাকার মোট ৪৬৬ পরিবারকে দুই মাসের এবং আরও ১৪০ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জাবারাং কল্যাণ সমিতি। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মন্টু কুমার ত্রিপুরা।
এর আগে বিতরণের শুরুতে প্রকল্পের ফোকাল পারসন ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আগের ধাপে বিতরণকৃত প্যাকেজের মান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে উপকারভোগীদের মতামত নেন।
অংশগ্রহণকারীরা জানান, পাহাড়ি এলাকায় নিরাপদ পানীয় জলের অভাব স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। তারা এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা কামনা করেন।
এদিকে কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক ইঁদুর আক্রমণে সাজেকের কয়েকটি পাড়ায় জুমের ধান ও সবজি ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ফসল রক্ষায় সচেতনতামূলক কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে।