কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেলদুয়ার থানার নাসির গ্রুপ কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে।
এর আগে, ১৮ বছর বয়সী বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক হিন্দু কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে সে। ভয়ে বিষয়টি গোপন রাখে মেয়েটি। পরে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে লিখে ও ইশারায় মেয়েটি ঘটনাটি জানায়।
ভুক্তভোগীর বাবা বলেন, আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। বড় হয়ে কিছু করার স্বপ্ন ছিল তার। ইসমাইল সেই স্বপ্ন ধ্বংস করেছে, আমাদের সম্মানও নষ্ট করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য এক যৌথ বিবৃতিতে বলেন, এটি নিন্দনীয় ও লজ্জাজনক একটি ঘটনা। অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। যেহেতু মেয়েটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির মাধ্যমে ঘটনার সত্যতা মিলেছে। র্যাব আসামিকে গ্রেপ্তার করেছে, আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছি।
এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসএন