রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ সফরের পর গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল দলটি। সেখানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি ম্যাচ বাতিল হয় বৈরি আবহাওয়ার কারণে, ফলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
বর্তমানে রাজশাহীতে রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সেখানেই তারা নিয়মিত অনুশীলন করছে। আগামী ২০ অক্টোবর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ওই সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে।
এদিকে চলতি বছরেই রয়েছে যুব এশিয়া কাপের আসর। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।
রিপোর্টার্স২৪/ঝুম