যশোর প্রতিনিধি : যশোরের শার্শা নাভারণ সরকারি খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকাল ১০ টার দিকে গুদামে নিম্ন মানের চাল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক।
অভিযোগের সত্যতা ও হিসাবে গড়মিল পাওয়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা উপজেলায় ১৭ টি রাইস মিল থেকে ১২ হাজার ৬ শত ১৬ মেট্রিক টন চাউল ক্রয় করেছেন। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন এবং ধান ক্রয় করেছেন ১ হাজার ৫৬ মেট্রিক টন সেখানেও কমিশন খেয়েছেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন।
দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন, অভিযানের সময় ৪, ৫ এবং ৬ নাম্বার গোডাউনে নিম্ন মানের চাউল পাওয়া যায় এবং ধান ক্রয় এর কোন হিসাব দেখাতে পারেনি। একারণে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে