ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলার সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সারজিস আলম তিনি আরও বলেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি এবং শাপলা পাব না আমরা এটা বিশ্বাস করি না। শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই, নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দেবে। সেই শাপলা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন বাংলাদেশ কখনই স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে
১৯৭১ এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চব্বিশের জুলাই । এই চব্বিশে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে এনসিপি গঠন হয়েছে। কয়েকটি সিটের জন্য এনসিপি কারও সঙ্গে ঐক্য করবে না। আমরা উচ্চকক্ষে পিআর চাই এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতি চাই না।
সারজিস আলম আরও বলেন, আমরা সাংগঠনিক সক্ষমতা বৃদ্বির জন্য কাজ করছি। বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিনেশন, আমরা সেই করাপটেড কালচারে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। যে সংসদ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে।
এই কার্যক্রমের যে ধারাবাহিকতায় এনসিপি তাদের তারুণ্যের ক্ষমতায়নে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এই মেসেজগুলো দিতেই ময়মনসিংহ জেলায় এই সমন্বয় সভাটি করছি। আমাদের বিশ্বাস অতি দ্রুত সময়ের মধ্যেই এনসিপির সাংগঠনিক বিস্তৃতি জেলা ও উপজেলা ছাড়িয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বে। জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরে বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে।
ময়মনসিংহ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান, মাসুদ রানা, মেহেদী হাসান সহ প্রমুখ।
রিপোর্টার্স২৪/সোহাগ