খুলনা প্রতিনিধি: খুলনায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।
জানা যায়, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছে।
সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে।
খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ওএমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওই দু’জন যুবক এসে ওই ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দু’জনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেননি। করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি